• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যালকনি হয় ফাঁকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৩, ০৩:৫৯ পূর্বাহ্ণ
ব্যালকনি হয় ফাঁকা

শেখ ফাহমিদা নাজনীন

একটা মানুষ ব্যালকনিতে বসে,
অবিকল এক কাঠের পুতুল যেন,
রাতের আকাশ, হঠাৎ তারা খসে,
সেই মানুষের হুশ ফেরে না কেন?

কোথায় তবে বিকিয়ে এসে প্রাণ?
দেহখানা শক্ত শহর মাঝে,
তারও কি খুব মন করে আনচান?
দিনটা যখন গড়িয়ে নামে সাঁঝে?

বুক পকেটে তিতা বাতের বড়ি,
ঘন্টা ধরে ওষুধ শুধু গেলা,
রুগ্ন দেহে আস্তে চলে নাড়ি,
মানুষটা খুব অবহেলায় ফেলা।

তার সাথে এক সন্ধ্যাবেলায় বসে,
গল্প করার মানুষ ভারি কম,
প্রজাপতি, পিঁপড়ার দল এসে,
খোঁজ নিয়ে যায়, আছে কি তার দম?

জোয়ান বেলায় মানুষ ছিল বটে,
আপন জনের বড্ড প্রয়োজনে,
আহা! যখন ঢেউ মিলেছে তটে,
কেউ খোঁজেনা, কোন আয়োজনে।

পাশের বাড়ির ব্যালকনিতে দেখি,
নিত্য কাজে যাওয়া-আসার পথে,
এক বিকালে হঠাৎ উধাও, সেকি!
পালালো কি অশেষ মরণ রথে?

এমনি কত ব্যালকনি হয় ফাঁকা,
হঠাৎ করেই উধাও পক্ক কেশ,
সময়টুকু বড্ড বেশি বাঁকা,
হঠাৎ হারায়, রাখে না তার রেশ।