গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মৎস্য খামারের বাঁধ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে অপর মৎস্য চাষীর বিরুদ্ধে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের।
রবিবার সকালে বারপাইকা সোনালী মৎস্য খামার কমিটির সাধারণ সম্পাদকের লিখিত অভিযোগে জানা গেছে, ওই গ্রামের ৬৯ জন চাষী মিলে এলাকায় একটি মৎস্য খামার পরিচালনা করে আসছেন। গত শনিবার সকাল দশটার দিকে একই গ্রামের সুরেশ বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস লিটন খামারের পাড় কেটে দেয়। এতে তারা (খামারীরা) ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এবিষয়ে অভিযুক্ত লিটনের বাবা সুরেশ বিশ্বাস বলেন, মৎস্য খামারের পাশেই লিটনের একটি ঘের রয়েছে। লিটন তার নিজের ঘেরের পাড় কেটে দেওয়ায় ওই খামারের মাছ লিটনের ঘেরের মধ্যে প্রবেশ করেছে। সামাজিক ভাবে বিষয়টি সমাধান করা হবে। এবিষয়ে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।