গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ নারিকেল গাছ থেকে শিক্ষকদের জন্য ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পরে আশিকুর রহমান মৃধা (১০) নামের পঞ্চম শ্রেণীর ছাত্র গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মূমূর্ষ অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের। আহত আশিক পূর্ব শরিফাবাদ গ্রামের মিলন মৃধার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতের সহপাঠিরা জানান, সোমবার বেলা বারটার দিকে স্কুলের শিক্ষকরা ডাব খাবে বলে পঞ্চম শ্রেনীর ছাত্র আশিককে স্কুলের মাঠের মধ্যে থাকা একটি নারিকেল গাছে ওঠায় নাইট গার্ড রায়হান। এসময় গাছ থেকে পড়ে গুরুত্বর আহত হলে তাকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের চাচা ইলিয়াস মৃধা অভিযোগ করে বলেন, তার পঞ্চম শ্রেনী পড়–য়া ভাতিজা আশিককে জোর করে নারিকেল গাছে ওঠানো হয়েছে। এতে শিক্ষক, নাইটগার্ড সবাই জড়িত। তিনি আরও বলেন, গাছ থেকে পড়ার পর এপর্যন্ত জ্ঞান ফিরেনি আশিকের। বর্তমানে সে ঢাকা নিওরোসাইন্স হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনার তিনি সুষ্ঠু বিচার দাবী করেন। তবে স্কুল ছাত্র আশিককে নারিকেল গাছে ওঠানোর অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তালুকদার ও নাইট গার্ড রায়হান। গৌরনদী প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ চুন্নু ফকির বলেন, স্কুল ছাত্রকে নারিকেল গাছে ওঠানোর কোন সুযোগ নেই। এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।