স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রা, আলোচনা সভা ও ফ্রি কাউন্সিলিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ এ কর্মসূচীর আয়োজন করে।
“মানসিক স্বাস্থ্য একটি সার্বজনীন মানবাধিকার” এ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোসা: নাসরিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. মোবারক হোসেন, রেজিস্ট্রার মো: দলিলুর রহমান, প্রক্টর ড. মো: কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ্ আহমেদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল আসাদ, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আলী খানসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনটি স্টলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি কাউন্সিলিং করা হচ্ছে। যাতে শিক্ষার্থীরা মানসিক সমস্যা কাটিয়ে পাড়াশোনা মনোযোগ দিতে পারে। কেউ যেন মানসিক ডিপ্রেসনে আক্রান্ত হয়ে আত্মহত্যার দিকে ধাবিত না হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র তথ্য মতে, প্রতিবছর বিশ্বব্যাপী সাত লাখ মানুষ আত্মহত্যা করে। তবে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির সংখ্যা তার চেয়েও বেশি। সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশে প্রতিবছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার’। #