• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বন্দুকের বাট মেরামতের সময় কাঠমিস্ত্রি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৩, ১১:০০ পূর্বাহ্ণ
বন্দুকের বাট মেরামতের সময় কাঠমিস্ত্রি গ্রেপ্তার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ সন্ত্রাসীদের দেওয়া দোনালা বন্দুকের বাট নিজ ফার্নিচারের দোকানে বসে মেরামতের সময় বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নুরুল হক (৪৫) নামের এক কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠী এলাকার।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদীর সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) ফোরকান হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহিষা গ্রামের বাসিন্দা ও সাকোকাঠী এলাকার নুরুল হকের ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে দোনালা বন্দুকের বাটসহ কাঠমিস্ত্রি নুরুল হককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে অপর জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।
স্থানীয় নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, পুলিশের অভিযানের সময় কাঠমিস্ত্রি নুরুল হক স্থানীয় দুইজনের নাম প্রকাশ করলেও রহস্যজনক কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করেননি। এলাকাবাসী অনতিবিলম্বে বন্দুকের বাট মেরামত করতে দেওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে স্থানীয়দের অভিযোগের ব্যাপারে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফোরকান হাওলাদার বলেন, তাৎক্ষনিক একজনের নাম বললেইতো তাকে গ্রেপ্তার করা যায়না। বিষয়টি গুরুত্ব সহকারে গভীরভাবে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের পুরো ঘটনাটি অবহিত করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।