গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী পদমর্যাদায় থাকা সাবেক চীফ হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে।
রোববার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের হলরুমে শারদীয় দূর্গাপূজা উদ্যাপণ উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এসে গৌরনদী-আগৈলঝাড়ায় দলীয় নেতাকর্মী ও সংখ্যালগু সম্প্রদায়ের ওপর যে নারকীয় তান্ডব চালিয়েছিলো তা আজও ভোলেনি এ অঞ্চলের বাসিন্দারা। উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মো. হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ প্রমূখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃংখলা বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দলীয় নেতাকর্মী ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।