মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট দিয়ে চলাচলকারী যাত্রী সাধারন এখন ছিনতাইকারীদের আতংকে ভুগছে। কে কখন উঠতি বয়সী এই ছিনতাইকারীদের কবলে পড়তে হয়,, সেই আতংক কাজ করছে তাদের মধ্যে। এই লঞ্চঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ঢাকা,চাঁদপুর, মুন্সিগঞ্জ,নারায়ণগঞ্জ, ভোলা, লক্ষীপুর,নোয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। দিনরাত্রি মিলে ১০টির উপরে লঞ্চ স্টপিজ দেয় এই ঘাটে। রাত্রীকালীন যাত্রীদের টার্গেট করে এখানে গড়ে উঠেছে একটি শক্তিশালী ছিনতাইকারী চক্র। এদের নেতৃত্বে আছেন, অটোড্রাইভার কামাল ও কর্ণফুলী লঞ্চের ঘাট সুপারভাাইজার জাবেদ বলে এলাকাবাসী জানায়। এছাড়াও এ দলে আছেন আরো ৪/৫ জন। এই চক্রটি গভীর রাতে এই ঘাটে স্টপিজ দেয়া লঞ্চ থেকে কোনো অল্প বয়সী যুগল ছেলে-মেয়ে এবং সিঙ্গল নারী নামতে দেখলেই তাদের পিছু নেয়। কিছুদূর এসেই তাদেরকে নানান প্রশ্নবানে জর্জড়িত করে পার্শ্ববর্তী উলানিয়া বালিকা বিদ্যালয়ের ভিতর নিয়ে যায়। এক পর্যায়ে হুমকি ধমকি ও মারধর করে সাথে থাকা মোবাইল, টাকা পয়সাসহ মূল্যবান জিনিসপত্র রেখে দিয়ে ছেড়ে দেয়। এমনই একটি ঘটনা ঘটে ২১ অক্টোবর শনিবার ভোর রাতে। ঢাকা থেকে ছেড়ে আসা এমভি কর্ণফুলী-১৪ লঞ্চটি ভোর রাত ৪টায় স্টপিজ দেয় উলানিয়া ঘাটে। এ সময় লঞ্চ থেকে নেমে আসা ১৬/১৭ বছর বয়সী একটি ছেলে ও মেয়ের পিছু নেয় ছিনতাইকারী চক্রের সদস্যরা। এই যুগল উলানিয়া বালিকা বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছলে তাদের পথরোধ করে। এ সময় তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ১টি মোবাইল সেট ও ৬ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। তাৎক্ষণিক উপস্থিত লোকজন বিষয়টি ঘাট ইজারাদারের লোকদেরকে জানায়। ততক্ষনে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেযে শনিবার দুপুরে সংবাদ কর্মীরা ঘটনাস্থলে গেলে ঘাট ইজারাদার পক্ষের শাহিন জানান,এভাবে ছিনতাই হলে এই ঘাট দিয়ে যাত্রী চলাচল কমে যাবে। আর সে কারনে লোকসানের মুখে পড়তে হবে তাদের। জানা গেছে, এলাকাবাসীর চাপে অটো ড্রাইভার কামাল শনিবার দিবাগত রাতে ছিনতাই হওয়া মোবাইলটি ঘাটের লোকজনের কাছে ফিরত দেয়। উদ্ধার হওয়া মোবাইলটি রাতে ঘাটে ডিউটিতে আসা মেহেন্দিগঞ্জ থানার এসআই আনোয়ারের নিকট জমা দেয় ঘাট কর্তৃপক্ষ। এলাকাবাসী আরো জানান, গত কয়েক মাস আগে এই চক্রটি ঢাকা থেকে আসা এক নারী যাত্রী গভীর রাতে এই ঘাটে নামলে তাকে গন্তব্যে পৌঁছে দেবার কথা বলে নির্জন এলাকায় আটক রেখে তার উপর পাশবিক নির্যাতন চালায়। লোক লজ্জার ভয়ে ঐ নারী যাত্রী দিনের আলো ফোটার আগেই সটকে পড়ে। এলাকাবাসীর উলানিয়া লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা এই ছিনতাইকারী চক্রকে দ্রুত আইনের আওতায় এনে এ পথে চলাচলকারী যাত্রীদের নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর জোর দাবী জানান। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, বিষয়টি এখনো কেউ তাকে অবহিত করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।