• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নৈশ কোচে ডাকাতি, মোবাইল ও নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৩, ১০:১১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে একটি নৈশ বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের বাসে এ ডাকাতির ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল আলম ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।

যাত্রীরা জানান, শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ফাল্গুনী পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৯৭৫৩) ছেড়ে আসে।

এ সময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায় পৌঁছালে একদল ডাকাত দেশীয় অস্ত্রের মুখে বাসের চালক, হেলপার ও যাত্রীদের জিম্মি করে ফেলে। পরে বাসের ১২/১৩ জন যাত্রীর কাছ থেকে তাদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকায় নেমে পালিয়ে যায়।

এ ব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদেরকে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করি। আমরা বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করেছি। তবে এ ঘটনার সাথে তাদের সম্পৃত্ততার প্রমান না পাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, ডাকাত দলে ৭জন সদস্য ছিল বলে যাত্রীদের কাছ থেকে জানা গেছে। ডাকাতদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। তবে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। #