বরগুনা জেলা প্রতিনিধি :
দুবাইতে অনুষ্ঠিতব্য কপ-২৮ সম্মেলনে দেশের জলবায়ু পরিস্থিতি ও ক্ষতিগ্রস্তদের দাবি উপস্থাপনের আহ্বান জানানোসহ
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নিষিদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব নিশ্চিত করার দাবিতে বরগুনায় প্রতিকী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় সদরের খাকদোন নদীর পোটকাখালী বেরিবাঁধে এ প্রতিকী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ ফর ইকোলোজি এন্ড ডেভেলপমেন্ট, কোষ্টাল লাইভলিহুড এন্ড এনাভার্মেন্টাল একশন নেটওয়ার্ক ও জাগোনারীর সহযোগিতায় ঘন্টাব্যাপী প্রতিকী প্রদর্শনীতে বরগুনা সাইকেলিং কমিউনিটির সদস্যরাসহ প্রায় অর্ধশত তরুণ ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।
প্রতিকী প্রদর্শনীর মাধ্যমে জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়লা ও গ্যাস সহ জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নিষিদ্ধ করে বিকল্প নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধিসহ কপ-২৮ সম্মেলন উপলক্ষে ১১টি দাবি উপস্থাপনের আহ্বান জানানো হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে, ২০৩০ সালের মধ্যে শিল্পোন্নত দেশগুলোর কার্বন নির্গমন কমিয়ে ২০৫০ সালের মধ্যে শূন্য নির্গমন নিশ্চিত করা, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পখাতে কয়লার ব্যবহার বন্ধ করা, জীবাশ্ম গ্যাস ও পেট্রোলিয়ামে অর্থায়ন ও প্রযুক্তি সরবরাহ বাতিল করা, স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বিপদাপন্ন জনসাধারণের জলবায়ু অভিযোজনে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর করে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ, জলবায়ু-ঝুঁকি মোকাবেলায় পর্যাপ্ত অর্থায়ন, জ্বালানি খাতে ন্যায্য রূপান্তরে অর্থায়ন, মিথেন হ্রাসের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে খাদ্য নিরাপত্তার বিষয় বিবেচনা, শিল্প পরিষেবা ও বাণিজ্য সহ সকল খাতে সবুজ রূপান্তরের অন্য স্পষ্ট ও বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করা।