• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক ৩ আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৩, ১৬:৩৫ অপরাহ্ণ
গোপালগঞ্জে অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক ৩ আসামী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অটোভ্যান চালক সাইফুল মল্লিক (২০) হত্যা মামলার তিন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

আজ শনিবার (০৯ ডিসেম্বর) ফরিদপুর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাতে এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৬।

গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামের মৃত ছাকেম শেখের ছেলে নাদের শেখ (৫৫), নাদের শেখের ছেলে হাবিব শেখ (২৩), মৃত ইসরাইল শেখের ছেলে আরিফ শেখ।

নিহত অটোচালক সাইফুল মল্লিক (২০) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাছিয়াড়া গ্রামের মৃত রোকন মল্লিকের ছেলে।

র‌্যাব জানায়, সাইফুল মল্লিক হত্যা মামলার পলাতক আসামীরা ফরিদপুর ও খুলনায় পলাতক রয়েছে এমন একটি গোপন সংবাদ তাদের কাছে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে ফরিদপুর জেলার মধুখালী থানার নওয়াপাড়া বাজার এলাকা থেকে নাদের শেখকে এবং খুলনা জেলার দিঘলীয়া থানার শেনহাটি বাজার এলাকা থেকে হাবিব শেখকে এবং আরিফকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়। বাকী পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ০৩ ডিসেম্বর সকালে সাইফুল মল্লিক তার ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা নাদের শেখ, তার ছেলে হাবিব শেখ, তার সঙ্গী আরিফ শেখসহ তাদের লোকজন চোর বলে ধাওয়া করে। পরে পদ্মবিলা ব্রীজের গোড়ায় অটোভ্যানটি পড়ে গেলে সাইফুলকে পিটিয়ে মারাত্মত আহত করে। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামীরা পালিয়ে যায়। #