মোবারক হোসেন রুবেল
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও জয়িতাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। ওইদিন সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষে এক শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন।ইউআরসি ইন্সট্রাক্টর চন্দন বনিকের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম। অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সাংবাদিক এম এ রেজা পহেল প্রমুখ।অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করা নারী নূর জাহান আক্তার, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জন করা নারী মৌসুমি আক্তার, সফল জননী নারী কাজী খালেদা চৌধুরী, নির্যাতনের বিভীষিকা মূছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শেফালী রানী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নারী রোকেয়া ইসলাম এই পাঁচজন জয়িতাকে ক্রেস্ট ও সনদ পত্র দেওয়া হয়।#
০৯.১২.২০২৩