• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিষখালী নদীতে বামনা-বদনীখালী ফেরী সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৩, ১১:১১ পূর্বাহ্ণ
বিষখালী নদীতে বামনা-বদনীখালী ফেরী সার্ভিস চালু

স্টাফ রিপোর্টার:
বরগুনা জেলার বামনা ও বেতাগী উপজেলার বদনীখালী পয়েন্টে বিষখালী নদীতে ফেরী চলাচল শুরু হয়েছে। এ ফেরীর মাধ্যমে পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা সাথে সরাসরি যাতায়াত সৃষ্টি হওয়ায় খুশি তিন উপজেলার জনগন।
আজ বুধবার(১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বামনা উপজেলার লঞ্চঘাট এলাকার হারুন অর রশিদ ফেরীঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে বিআইডব্লিউটিসির স্বর্নচাপা নামের মিনি ইউটিলিটি ফেরীটি বিষখালী নদীর অপরপ্রান্ত বেতাগী উপজেলার বদনীখালী ফেরীঘাটে প্রথম যাত্রা শুরু করে।
বামনা-বদনীখালী ফেরী চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, সহকারী কমিশনার ভূমি তারিক হাসান, রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার, বামনা প্রেসক্লাব সাবেক সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, সাধারণ সম্পাদক নাসির মোল্লাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
জানাগেছে, ২০১৭ সালে বামনা প্রেসক্লাবের উদ্যোগে বামনা-বদনীখালী ফেরী চাই নামে একটি সংগঠন এর মাধ্যমে বিষখালী নদীতে প্রথম ফেরীর চলাচলের দাবী ওঠে। এসময় বামনা ও বেতাগীর দুই প্রান্তের কয়েক হাজার মানুষ ফেরীর দাবীতে মানববন্ধনে অংশ নেন। দির্ঘ ৬ বছর পরে চলতি বছরের মাঝামাঝি সময়ে বামনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি সদ্য প্রয়াত এ্যাড. হারুন অর রশিদ এর প্রচেষ্টায় বামনা-বদনীখালী পয়েন্টে ফেরী স্থাপন কাজ শুরু হয়। আজ বুধবার ফেরীটি প্রথম যানবাহন ও যাত্রী পরিবহন শুরু করে।
বিষখালী নদীর বামনা-বদনীখালী পয়েন্টে ফেরী চলাচল শুরু হওয়ায় পায়রা সমূদ্র বন্দর, পটুয়াখালী, গলাচিপা, ভোলা, বামনা, মঠবাড়িয়া, বাগেরহাট, মংলা সমূদ্র বন্দর, খুলনা, যশোর, সাতক্ষীরার সাথে দ্রুত সময়ে যোগাযোগ সহজ হবে।