• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের ছয় নারীকে সৌরবিদ্যুৎ চালিত সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৩, ১২:২৫ অপরাহ্ণ
বরিশালের ছয় নারীকে সৌরবিদ্যুৎ চালিত সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল বিভাগের পটুয়াখালীর কলাপাড়ায় ছয় জন নারী উদ্যোক্তাকে সৌর বিদ্যুৎ চালিত সেলাই মেশিন বিতরণ করেছে অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্রান্তজন। কলাপাড়া উপজেলা পরিষদের সভা কক্ষে বুধবার বেলা ১১টায় এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন তুলে দেন। একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ‘ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা প্রকল্পের ফেইজ-২’ এর আওতায় এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জেয়াদুল কবির, ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিনু মৃধা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন, কলাপাড়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক নাহিদুল হক এবং প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা প্রমুখ।
বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের জীবিকা উন্নয়নের লক্ষ্যে ধানখালী ইউনিয়নের ৬ নারী উদ্যোক্তাকে এই সহায়তা করা হয়েছে। তারা হলেন- মাহমুদা, শাহিদা, সুখী বেগম, সোমা, রুজিনা এবং আসমা। সেলাই মেশিনগুলো সৌর শক্তির মাধ্যমে চালানো জন্য সাথে একটি সোলার প্যানেল, ব্যাটারী, ইনভার্টার এবং মোটর দেওয়া হয়েছে। ফলে মেশিনগুলো পরিচালনা করতে বাইরে থেকে কোন বিদ্যুতের দরকার হবে না।
দিনের বেলায় সৌর শক্তির মাধ্যমে চলবে। পাশাপাশি রাতের বেলায় ৬ ঘন্টা ব্যাটারীর মাধ্যমে চলতে পারবে। এছাড়াও মোটর ছাড়া যত সময় প্রয়োজন চালাতে পারবে।
প্রসঙ্গত ঃ প্রান্তজন নারীর ক্ষমতায়ন, যুবদের উন্নয়ন ও ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগণের মৌলিক ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রান্তজন দীর্ঘদিন ধরে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। প্রান্তজন দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, দুর্যোগ ও জলবায়ুর প্রভাব মোকাবেলা করার সক্ষমতা অর্জন এবং স্থায়িত্বশীল জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম করে থাকে। বর্তমানে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় কলাপাড়া উপজেলার টিয়াখালী, ধানখালী, চম্পাপুর এবং লালুয়া ইউনিয়নে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা ফেইজ-২” প্রকল্প বাস্তবায়ন করছে।##