• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কিস্তির টাকা পরিশোধ করেও রক্ষা পায়নি গৃহবধু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ কিস্তির টাকা পরিশোধ করার পরও মামলা উত্তোলণ না করায় চার সন্তানের জননী গৃহবধু সুমি বেগমকে (৩৫) জেলহাজতে যেতে হয়েছে। এঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের। ভুক্তভোগি গৃহবধু ওই গ্রামের দিনমজুর হাফিজুল বয়াতীর স্ত্রী।
গৃহবধু সুমি বেগমের দেবর হামিদুল ইসলাম অভিযোগ করে বলেন, গত এক বছর পূর্বে উদ্দীপণ নামের এনজিও’র উজিরপুর শাখা থেকে এক লাখ টাকা ঋণ নেয় সুমি বেগম। অভাবের কারনে ঋনের ৩২ হাজার টাকার কিস্তি দিতে না পাড়ায় গত সাত মাসপূর্বে সুমি বেগমের নামে বরিশাল আদালতে মামলা করে উদ্দীপনের উজিরপুর শাখার ম্যানেজার হাসান মল্লিক। পরবর্তীতে স্থানীয় ভাবে সালিশ মিমাংসা করে ঋনের ৩২ হাজার টাকা এবং মামলা উত্তোলনের জন্য আরো আট হাজার টাকা এনজিও’র ম্যানেজার হাসান মল্লিক ও কর্মী মনির হোসেনের কাছে দেয়া হয়।
অভিযোগ করে তিনি আরও বলেন, এনজিও’র পাওনাকৃত টাকা এবং মামলা উত্তোলনের টাকা দেওয়ার পরও আমার ভাবিকে (সুমি) হয়রানির জন্য মামলা উত্তোলণ করেনি এনজিও’র ম্যানেজার হাসান এবং কর্মী মনির। পরবর্তীতে ওই মামলায় আদালত থেকে সুমি বেগমের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলে শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে গৌরনদী মডেল থানা পুলিশ নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে রবিবার সকালে জেলহাজতে প্রেরণ করলে আদালত থেকে তিনি (সুমি) জামিন পান। এঘটনার পরপরই সুমি বেগম অসুস্থ হয়ে পরেছেন। কিস্তির টাকা নেওয়ার পরও মামলা উত্তোলণ না করায় ওই দুই এনজিও কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি পরিবার।