• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সাথে অবশ্যই থাকবো-মাশরাফী বিন মোর্ত্তজা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ণ
যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সাথে অবশ্যই থাকবো-মাশরাফী বিন মোর্ত্তজা

স্টাফ রিপোর্টা, গোপালগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, বিগত পাঁচ বছর এলাকার জন্য কাজ করেছি। অনেক প্রতিকূলতা গিয়েছে। করোনার মতো মহামারি গিয়েছে। অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সব কিছুর ভিতর দিয়ে পাঁচটি বছর গিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এতো কঠিন সময় দারুনভাবে পার করেছি। আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া বা ধরন বাড়বে এবং ভাল হবে।

আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মাশরাফী অপর এক প্রশ্নের জবাবে আরো বলেন, খেলাধুলা তো আমার রক্তের সাথে মিশে রয়েছে। আমার পরিচয় খেলাধুলা দিয়ে। আমি মনে করি না খেলাধুলার সাথে সংসদ সদস্য মিলানোর কোন সুযোগ আছে। অবশ্যই আমি যতদিন বেঁচে থাকবো খেলাধুলার সাথে অবশ্যই থাকবো।

এর আগে মাশরাফী বিন মোর্ত্তজা তাঁর আসনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম নবী, শ্রম বিষয়ক সম্পাদক জহিরুল হক, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অচিন কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। #