গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তাদের অভিযানের খবর পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়েছে ওষুধ ব্যবসারীরা। পরে কর্মকর্তারা চলে যাওয়ার পর ফের ওষুধের দোকান খোলা হয়েছে। তবে সাময়িক সময়ের জন্য ওষুধের দোকান বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছিলো ওষুধ ক্রেতারা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে।
ওষুধ কিনতে আসা একাধিক ক্রেতারা জানান, বুধবার দুপুরে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা গৌরনদী বন্দর ও বার্থী এলাকায় অভিযান পরিচালনা করেন। এই সংবাদ টরকী বন্দর এলাকায় ছড়িয়ে পড়লে একাধিক ওষুধের দোকান বন্ধ করে পালিয়ে যায় ওষুধ ব্যবসায়ীরা। এবিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশালের সহকারী পরিচালক সুমি রানী মিত্র বলেন, বুধবার গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকার দশটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাতাশ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করা হয়। তবে টরকী বন্দরে আমরা কোন অভিযান দেইনি। কারো মাধ্যমে হয়তো সংবাদ পেয়ে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারে।