• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

“প্রতিষ্ঠার ৭৬তম বছরে পা রাখলেন বাংলাদেশ ছাত্রলীগ”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ণ
“প্রতিষ্ঠার ৭৬তম বছরে পা রাখলেন বাংলাদেশ ছাত্রলীগ”

মো: ইমন হোসেন, ঢাবি প্রতিনিধি:
আজ ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দানকারী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী । ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে কর্মসংস্থান’। এই ভাষ্যকে সামনে রেখে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সংগঠনটি।

বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৬তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ‘ভাষা আন্দোলন’, ৫৪’র ‘প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়’, ৫৮’র ‘আইয়ুব বিরোধী আন্দোলন’, ৬২’র ‘শিক্ষা আন্দোলন’, ৬৬’র ছয় দফার পক্ষে গণ-অংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে। এরপর ৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র
মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিজয় অর্জনে ভূমিকা পালন করে।

সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিয়মিত কর্মসূচির পাশাপাশি এ বছর নতুন করে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের নবরূপায়নের রূপকার, উন্নত-আধুনিক-আত্মমর্যাদাশীল বাংলাদেশের প্রতীক, বৈশ্বিক উন্নয়ন অর্থনীতির রোল মডেল, বাঙালির গণতন্ত্র-মানবাধিকার-মৌলিক অধিকার বাস্তবায়নে বারবার নিজের জীবনকে হুমকির সম্মুখীন করা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে বাংলার মানুষ, ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম যে দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ, তার স্মারক হিসেবে এই শোভাযাত্রা আয়োজিত হয়।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ঘোষিত কর্মসূচির মধ্য সকালে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা এবং ছাত্রলীগের একটি প্রতিনিধিদল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন।

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করতে ইউনিটের (জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ) নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।