বরগুনা জেলা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেলা বাড়ার সাথে সাথে বরগুনায় ভোটারদের উপস্থিতিও বেড়েছে।
হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে থেকে দুই এজেন্টকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ জানুয়ারি) ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নে হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে,তারা হলেন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মাহবুবুর রহমান অভির এজেন্ট মোখলেছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের এজেন্ট মনির হোসেন। ভোট কক্ষে মোবাইল ব্যাবহার করায় নির্বাচনী অপরাধ বিচার আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ তাদের দণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ শামীম মিঞা।
এছাড়া বরগুনার ৯ নম্বর এম. বালিয়াতলী ইউনিয়নে ভোট জাল করায় এক যুবকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বরগুনা-১ (সদর, আমতলী, তালতলী) আসনে মোট ভোটকেন্দ্র ১৮৭টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৭৫০, নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।
বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনে মোট ভোটকেন্দ্র ১১৪টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ২৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৫৯৫, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
এছাড়া বরগুনা ১ ও ২ আসেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করেছি। সব ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করেছে। নৌ-বাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করছে। পাশাপাশি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত মাঠে নিরলস কাজ করছে।
তিনি আরও বলেন, ভোটের পরিবেশ শতভাগ শান্তিপূর্ণ রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। কেউ কোনো রকম ব্যত্যয় ঘটাতে চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কারও বিরুদ্ধেও যদি বিন্দুমাত্র পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।