স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে হোল্ডিং ট্যাক্সের টাকা তোলা নিয়ে বিরোধের জের ধরে মহেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: লুৎফর রহমান মিয়াকে মারপিট করে পরিষদে কক্ষে তালাবদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও র্যাব গিয়ে তাকে উদ্ধার করে।
আজ মঙ্গলবার (০৯ জানুয়ারী) কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় মেম্বার আলীম মোল্লা, মিজান ফকির ও নারী মেম্বর রাজিয়া বেগমের স্বামী হাবিব ফকির হোল্ডিং ট্যাক্সের টাকা উত্তোলনের বিষয় নিয়ে মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান লুথুর কাছে আসেন। পরে এ নিয়ে দুই মেম্বার ও নারী মেম্বারের স্বামী সাথে চেয়ারম্যানের বাকবিতন্ডায় শুরু হয়। এর এক পয্যায়ে চেয়ারম্যান তাদের গালিগালাজ করেন এবং নারী মেম্বারের স্বামী হাবিব ফকিরকে লাথি মারেন। তখন ওই দুই মেম্বার মিজান ফকির, আলীম মোল্লা ও নারী মেম্বারের স্বামী হাবিব ফকির চেয়ারম্যানকে মারপিট করে তার রুমে তালাবদ্ধ করে রাখেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে চ্যায়ারম্যানকে উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। #