বরগুনা জেলা প্রতিনিধি:
গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বরগুনার পাঁচবারের এমপি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু বিজয়ী হওয়ায় তার সমর্থক ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক এক কলসি দুধ দিয়ে গোসল করে আনন্দ উল্লাস করেছে ।
মঙ্গলবার ( ৯ জানুয়ারি) সন্ধ্যা দিকে বরগুনা সদর উপজেলার সদর ৮ নম্বর ইউনিয়নে লেমুয়া বাজারে। মো. মশিউর রহমান মহরাজ (৩৪) ওই এলাকার সাবেক ইউপি সদস্য গোলাম সারোয়ার রুস্তম এর ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক খান, যুবলীগের ইউনিয়ন সহসভাপতি মোঃ মাহামুদুল হাসান মহসিন, ইউনিয়ন যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ আবুবকরসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মো. মশিউর রহমান মহরাজ বলেন, আমাদের গ্রামটি বরগুনার মধ্যে সবচেয়ে অবহেলিত। এখানে রাস্তাঘাট এখনো পাকা হয়নি। বর্ষার সময় এখানকার মানুষ সব চেয়ে বেশি কষ্টে থাকে। তাই এ বছর আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছি, গোলাম সরোয়ার টুকুকে বরগুনা ১ আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করব। আর তিনি নির্বাচিত হলে ১ কলসি দুধ দিয়ে গোসল করব। তিনি নির্বাচিত হয়েছে তাই সেটা পুরন করলাম। নতুন এমপির কাছে আমাদের চাওয়া পাওয়া হলো এই এলাকার রাস্তাঘাট নির্মাণ করবে এবং মাদক মুক্ত বরগুনা গড়বে।
এসময় নির্বাচনে বিজয়ী হয়ে দুধ দিয়ে গোসল করা দেখতে এলাকার মানুষ ভিড় করেছে। দুধ দিয়ে গোসল শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করা হয়।