• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে চাঞ্চল্যকর দুই তরুণীকে গণধর্ষণ মামলার পলাতক আসামি মেহেদী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ণ
বাগেরহাটে চাঞ্চল্যকর দুই তরুণীকে গণধর্ষণ মামলার পলাতক আসামি মেহেদী গ্রেপ্তার

এম এস খালিদ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে দুই তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পালাতক আসামি মেহেদী হাসানকে (২২)কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) গভীর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মেহেদী হাসানকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হবে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৬।

গ্রেপ্তার মেহেদী হাসান ফকিরহাট উপজেলার জাড়িয়া এলাকার সেখ মাসুম হকের ছেলে। তিনি একই মামলায় গ্রেপ্তার ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদারের সহযোগী।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ জানুয়ারি) গভীর রাতে ফকিরহাটের জাড়িয়া চৌমাথা এলাকা থেকে মোটরসাইকেল আরোহী দুই তরুণ ও দুই তরুণীকে আটকে মারধর, নগদ টাকা ছিনতাই এবং দুই তরুণীকে ধর্ষণ করেন ফকিরহাট সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদার ও তার সহযোগী মেহেদী হাসান। পরদিন রোববার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে এক তরুণীর বাড়ি থেকে পুলিশ ধর্ষণের শিকার দুই তরুণীকে উদ্ধার করে। পরে এদের মধ্যে ২১ বছর বয়সী এক তরুণী বাদী হয়ে শাকিল ও মেহেদীর নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন। ওইদিন সন্ধ্যায় ফকিরহাটের জারিয়া এলাকা থেকে মামলার প্রধান আসামি শাকিল সরদারকে গ্রেপ্তার করে ফকিরহাট থানা পুলিশ। শাকিল সরদার ফকিরহাট উপজেলার জারিয়া-চৌমাথা এলাকার মোস্তাক সরদারের ছেলে। সোমবার বিকেলে শাকিলকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেয় উপজেলা ছাত্রলীগ।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ এলাকা থেকে ধর্ষণ মামলায় পলাতক মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগতপ্রক্রিয়া শেষে মেহেদীকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হবে।