• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে তিন ডায়গনস্টিক সেন্টারকে ৪০ হাজার জরিমানা, একটি সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ণ
গোপালগঞ্জে তিন ডায়গনস্টিক সেন্টারকে ৪০ হাজার জরিমানা, একটি সাময়িক বন্ধ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে বিভিন্ন কারনে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এছাড়া টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারের কাগজপত্র হালনাগাদ না থাকায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার।

গোপালগঞ্জের সিভিল সার্জন ড. জিল্লুর রহমান জানান, দেশব্যাপীর মত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন কারনে টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওই প্যাথলজি সেন্টারের কাগজপত্র হালনাগাদ না থাকায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, মধুমতি ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে কক্ষ অস্বাস্থ্যকর থাকায় ১৫ হাজার ও মদিনা ডায়াগনস্টিক সেন্টারে রোগী পরীক্ষা-নিরীক্ষার রেজিস্ট্রার না থাকার কারনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, জেলার প্রতিটি উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানকালে র‌্যাব -৬ এর ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল, টুঙ্গিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জসিম উদ্দিন, গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা: এসএম সাকিবুর রহমান উপস্থিত ছিলেন। #