• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ছুরিকাঘাতে বিউটি পার্লার কর্মী খুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ছুরিকাঘাতে বিউটি পার্লার কর্মী খুন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্বুত্তের ছুরিকাঘাতে মনিরা পারভীন মুন্নী (৪০) নামে এক বিউটি পার্লার কর্মী খুন হয়েছে।

আজ বুধবার (৩১ জানুয়ারী) বেলা ১২টার দিকে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বিউটি পার্লার কর্মী মনিরা পারভীন মুন্নী মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের লোকমান ধরানীর মেয়ে। সে উপজেলা সদরের ওমেন্স ওয়ার্ল্ড পার্লারের কর্মী।

ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে দেবার জন্য টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে গেলে বিউটি পার্লার কর্মী মনিরা পারভীন মুন্নীকে অজ্ঞাত দূর্বৃত্তরা ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রাস্তার উপর ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসতাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ওমেন্স ওয়ার্ল্ড পার্লারের মালিক সঙ্গীতা রায় জানান, মনিরা পারভীন মুন্নী এক মাসের জন্য কাজ শিখতে আমার এখানে এসেছে। আজ সকালে আসার পরে পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে দেয়ার জন্য বাইরে বের হয়। বের হওয়ার পরে কে বা কারা এসে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে খুন করেছে। #