স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নয় দফা দাবিতে একাডেমিক ভবনের তালা বন্ধ করে আন্দোলন করেছে গোপালগঞ্জের শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন দাবি আদায় না হলে তারা একাডেমিক সকল কার্যক্রম বন্ধ করে বৃহৎ আন্দোলনে যাবেন।
আজ বুধবার (৩০ জানুয়ারী) দুপুরে শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রধান ফটোকে সমানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে প্রধান ফটক তালা বন্ধ করে এ আন্দোলন শুরু করে। এ সময় তারা বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দেয়।
শিক্ষার্থীদের দাবি সমূহ হচ্ছে, এক, ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের যেকোনো ধরনের সমস্যার নিষ্পত্তি কেবল এবং কেবলমাত্র সম্মানিত শিক্ষকদের উপস্থিতিতেই করতে হবে। সম্মানিত শিক্ষকমন্ডলী ব্যতিত অন্য কেউ সেখানে উপস্থিত থাকতে পারবে না। দুই, হল কেন্দ্রিক এবং ক্যাম্পাস কেন্দ্রিক সকল বাজেটের সঠিক বন্টন এবং সুস্পষ্ট হিসাব চাই। তিন, আগামী ৭ কর্মদিবসের মধ্যে ক্যাম্পাসের চলমান ক্যান্টিন চাই। চার, আগামী ৭ কর্মদিবসের মধ্যে ক্যাম্পাসের প্রয়োজনীয় সকল ক্লাব (স্পোর্টস-ক্লাব, ক্যারিয়ার ক্লাব, ডিবেটিং ক্লাব, রিসার্স ক্লাব ইত্যাদি) এর কার্যক্রম চলমান করতে হবে। পাঁচ, আগামী ৭ কর্মদিবসের মধ্যে ক্যাম্পাসের যথার্থ বিশুদ্ধ খাবার পানির চিরস্থায়ী সুষ্ঠু সমাধান চাই। ছয়, আগামী এক কর্মদিবসের মধ্যে ক্যাম্পাসের সম্ভোধন বিষয়ক চার্ট নোটিশ আকারে প্রকাশ করতে হবে। সাত ,ছাত্র হোস্টেলের কে,সি গেইট সার্বক্ষণিক ভাবে খোলা রাখতে হবে। আট, প্রত্যয়নপত্র সহ শিক্ষার্থীদের নিকট হতে নেওয়া সকল অর্থের রশিদ প্রদান করতে হবে এবং সকল ধরণের একাডেমিক চার্জের পরিমান উল্লেখ করতে হবে। এবং নয়, উপরোক্ত ৮ দফা দাবির সকল দাবি যতদিন না পূরণ হবে, ততোদিন পর্যন্ত ক্যাম্পাসের সকল ধরনের একাডেমিক কার্যক্রম সকল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বর্জন করা হবে।
আন্দোলনের কথা জানতে পেরে শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নয়ন চন্দ্র ঘোষ বরিশাল থেকে তাৎক্ষণিক গোপালগঞ্জে আসেন এবং শিক্ষার্থীদের সাথে বেলা তিনটায় বসেন। পরে শিক্ষার্থীদের এই দাবিসমূহ মেনে নিলে শিক্ষার্থীরা বেলা সাড়ে তিনটার দিকে তাদের আন্দোলন থেকে সরে দাঁড়ায়।
কলেজ সূত্রে জানা যায়, ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কার্যক্রম শুরু করে। ওই বছর প্রথম ব্যাচে ১১৪ জন দ্বিতীয় ব্যাচে ১২০ জন ও তৃতীয় ব্যাচে ১২৩ জনসহ মোট ওই প্রতিষ্ঠানে বর্তমান ৩৫৭ জন শিক্ষার্থী অধ্যয়নরত। ওই প্রতিষ্ঠানে শিক্ষক পদে অনুমোদিত পদ রয়েছে ৩৮ টি কিন্তু সেখানে শিক্ষক রয়েছে আট জন এর মধ্যে তিনজন বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরিক্ষায় উত্তীর্ণ হয় অন্যত্র চলে যাবেন।
অফিস সহায়ক ও অফিস সহকারী অনুমোদিত পদ ৩৬ টি থাকলেও রয়েছে ৮ জন এবং আউটসোর্সিংয়ে রয়েছেন ১১ জন যেখানে থাকার কথা ১৪ জন। জনবল সংকট থাকায় কলেজটির নানামুখি সমস্যার সম্মুখীন হচ্ছে।
শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থী হাসিবুল ইসলাম বলেন, কলেজের দুই একজন স্টাফ শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে। মূলত এ থেকেই সৃষ্টি হয় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ। অধ্যক্ষ স্যার বেলা সাড়ে তিনটার দিকে এসে আমাদের দাবি সমূহ মেনে নেওয়ার আশ্বাস দিলে আমরা আন্দোলন প্রত্যাহার করি।
শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নয়ন চন্দ্র ঘোষ বলেন, আজ সকাল থেকে শিক্ষার্থীরা একাডেমিক ভবনের তালা বন্ধ করে আন্দোলন শুরু করে তবে তারা যে নয়টি দফা দিয়েছে কিছু যৌক্তিক এবং কিছু অযৌক্তিক। তাদের দেওয়া যৌক্তিক দাবিসমূহ আমরা দ্রুত সময়ের মধ্যেই সমাধান করবো। #