বরগুনা জেলা প্রতিনিধি :
বরগুনা জেলার আমতলী উপজেলায় নিখোঁজের দুইদিন পর তানজিলা নামে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে সোনাউটার খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত প্রতিবেশী দুই যুবক গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত সোমবার ( ৫ ফেব্রুয়ারী) সকাল থেকে আমতলী সদর ইউনিয়নের পুজাখোলা গ্রামের মাদ্রাসা পড়ুয়া তানজিলা নিখোঁজ হয়। এ ঘটনায় মঙ্গলবার তার বাবা তোফাজ্জেল হোসেন আমতলী থানায় সাধারন ডায়েরী করেন। বুধবার সকালে স্থানীয় সোনাউটার খালের পাতাবনে রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রতিবেশী দুই যুবক হৃদয় খান এবং জাহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ।
মৃত তানজিলার বাবা তোফাজ্জেল হোসেন বলেন, আমার মেয়ে নিখোঁজের পর প্রতিবেশী হৃদয় ও জাহিদুল ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। টাকা না দেয়ায় ওরা আমার মেয়েটাকে মেরে ফেলছে। ওরাই আমার মেয়েকে অপহরণ করেছে। আমি ওদের সঠিক বিচার চাই।
এবিষয়ে আমতলী আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখয়াত হোসেন তপু বলেন, ধারনা করা হচ্ছে ঘাতকরা শ্বাস রোধে হত্যার পর তানজিলার লাশ গুমের জন্য পাতাবনে ফেলে রাখে। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।