• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যবিপ্রবি শাখা ছাত্রলীগের আয়োজনে চড়ুইভাতি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১৩:২৬ অপরাহ্ণ
যবিপ্রবি শাখা ছাত্রলীগের আয়োজনে চড়ুইভাতি অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে চড়ুইভাতি ও খেলাধুলার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগের যবিপ্রবি শাখা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে যবিপ্রবির কড়ই তলায় প্রথমবারের মতো চড়ুই ভাতির আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। চড়ুইভাতির পাশাপাশি নেতাকর্মীদের জন্য বালিশ খেলা, ফুটবল প্রতিযোগিতা ও র্যাফেল ড্র এর আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ আয়োজন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপভোগ করেন।

যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের সঞ্চালনায় শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা বলেন, আজকের মতো এ ধরণের প্রাণবন্ত অনুষ্ঠান আগামীতেও আয়োজন করা হবে। তিনি এ অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।

উক্ত চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য শাখা ছাত্রলীগকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামীর যোগ্য নেতৃত্ব তৈরি করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ও নেতাকর্মীদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করবে।
শেখ হাসিনার ২০৩১ এবং ২০৪১ এর ভিশন বাস্তবায়নে ছাত্রলীগকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে জানিয়ে উপাচার্য বলেন, শুধু রাজনীতি করলেই হবে না ঠিক মত পড়াশোনাও করতে হবে। যেনো বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ছাত্রলীগ অগ্রণী ভুমিকা রাখতে পারে। এসময় শাখা ছাত্রলীগের বিভিন্ন দাবি বাস্তবায়নের বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন।

এসময় আরও বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল ইমরান ও শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদ। অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও শহীদ মসিয়ূর রহমান হলের সহকারী প্রভোস্ট আসিফ আরেফিন, মাহামুদুর রহমান সিয়াম, ফজলুর রহমান, সালাউদ্দিন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।