• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১৭:৩০ অপরাহ্ণ
কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, কোটালীপাড়া উপজেলা শাখা, গোপালগঞ্জ এর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

গত ৩১ জানুয়ারি বিকেলে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মঞ্চে ওঠা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা ইমন নিজামী ও শাহাবুদ্দিন দাঁড়িয়ার সাথে কথা কাঁটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে এই দুই নেতার সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।এতে ইমন নিজামী, শাহাবুদ্দিন দাড়িয়াসহ ৫ জন আহত হয়।

এ ঘটনায় ইমন নিজামীর ভাই আলী হাসান রিফাত গত ১ ফেব্রুয়ারি বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়িয়াসহ ছাত্রলীগের ১৮ নেতা-কর্মীকে আসামী করে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেন।

এছাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়িয়ার বহিস্কারের দাবিতে আন্দোলনে নামে ছাত্রলীগের একাংশ। এসব কারণে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমীর হামজা জানিয়েছেন।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা মুঠোফোনে সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমার কোন আলোচনা হয়নি।তাই বিষয়টি আমার জানা নেই। #