বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনা জেলার আমতলী উপজেলায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান মেয়র মতিয়ার রহমানের সমর্থন করায় পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক ধীরাজ কুমারের উপর প্রতিপক্ষ প্রার্থী নাজমুল আহসান নান্নুর সমর্থকের বিরুদ্ধে মারধর ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করে বলেন। প্রভাষক ধীরাজ কুমার বিশ্বাস বাদী হয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ এজাহারে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম নুর গাজী নয়ন (৩০)। তিনি আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত আজিজ সেক্রেটারির ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গতকাল ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যা সোয়া সাতটার সময় আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী নাজমুল আহসানের বাসার সামনে বসে আমতলী পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক ধীরাজ কুমার বিশ্বাসকে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মেয়র মতিয়ার রহমানের নির্বাচন সমর্থন দেয়া থেকে বিরত থাকতে গালিগালাজ করে নুর গাজী নয়ন সহ অজ্ঞাত ৮ থেকে ৯ জন সন্ত্রাসীরা। এতে ধীরাজ কুমার বিশ্বাস প্রতিবাদ করলে তাকে চারদিক থেকে ঘিরে নুর গাজী নয়ন সহ অন্যন্যরা মারধর করে। পরবর্তীতে ঘটনা স্হলে পুলিশ এসে ধীরাজ কুমার বিশ্বাসকে আমতলী স্বাস্হ কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (আমতলী – তালতলী সার্কেল) মোঃ রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, আমতলী পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক ধীরাজ কুমার বিশ্বাসের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তকে আমতলী পুলিশ গ্রেফতার করেছে। পৌরসভা নির্বাচন ২০২৪ উপলক্ষে আমতলীতে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নির্বাচনে সহিংসতা সৃষ্টিকারী কাউকেই ছাড় দেয়া হবেনা।