গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পূর্ব বিরোধের জেরধরে প্রবাসীর বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা-মাদারীপুর গ্রামের।
ওই গ্রামের কুয়েত প্রবাসী নাজমুল হাওলাদারের স্ত্রী মাহফুজা বেগম অভিযোগ করে বলেন, এলাকার একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের শাহজাহান হাওলাদারের সাথে পূর্ব থেকেই আমাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরধরে শনিবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহান হাওলাদারের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল আমার বসতঘরে অতর্কিত ভাবে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় হামলাকারীদের ঠেকাতে গেলে আমাকেও (মাহফুজা) মারধর করা হয়। তবে অভিযোগের ব্যাপারে অভিযুক্ত শাজাহান হাওলাদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেন, পূর্ব শত্রæতার জেরধরে তাদের হয়রানী করতে হামলার নাটক সাজানো হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।