গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ভাটা মাছের ২০ লাখ রেনু ও পোনা পাচারের সময় তা জব্দ করা হয়েছে। এঘটনায় পাচারের সাথে জড়িতদের আটক করা হয়েছে। রোববার সকালে বাবুগঞ্জের আগরপুর স্টীল ব্রিজ এলাকা থেকে পিকআপ ভর্তি পোনাগুলো জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, ভাটা মাছের পোনা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যদের সহায়তায় একটি পিকআপ থেকে আটটি ড্রাম ভর্তি ভাটা মাছের ২০ লাখ রেনু-পোনা জব্দ ও পাঁচজন কে আটক করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত পোনা প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হয়েছে এবং মোবাইল কোর্ট চালিয়ে আটককৃত দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস। গৌরনদী, বাবুগঞ্জ ও মুলাদীর মধ্যদিয়ে প্রবাহিত আড়িয়াল খা নদীর মোহনা থেকে পোনাগুলো অবৈধ ভাবে ধরা হয়েছিলো বলেও তিনি উল্লেখ করেন।