• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় নিপা ভাইরাসে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১৩:৩৮ অপরাহ্ণ
বানারীপাড়ায় নিপা ভাইরাসে  শিশুর মৃত্যু

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল)সংবাদদাতা ॥

বানারীপাড়ায় নিপা ভাইরাসে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর পৌনে ১২টার দিকে তহুরা নামের এ শিশু এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যায়। বানারীপাড়ায় নিপা ভাইরাসে এবারই প্রথম এ শিশুর মৃত্যু ঘটে। শিশু তহুরা উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহম্মদাবাদ বেতাল গ্রামের বানারীপাড়ার ব্যবসায়ী ইমাম হোসেন সান্টুর মেয়ে।

শিশু তহুরার মৃত্যুতে পুরো বাড়ি জুড়ে শোকের ছায়া নেমে আসে।
স্বজনদের আহাজারিতে বাড়ির পরিবেশ ভারি হয়ে ওঠে। গতকাল বাদ এশা গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তহুরার বড় চাচা এমএ সালেক হাওলাদার জানান, ভাতিজি তহুরা বাড়িতে কাঁচা খেজুরের রস খাওয়ার সপ্তাহ খানেক পর সে অসুস্থ হয়ে পড়ে।

এক মাস আগে প্রথমে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন চিকিৎসার পরে সংকটাপন্ন অবস্থায় ঢাকার শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশু হাসপাতালে ২০ দিন পিআইসিউতে চিকিৎসা নিয়ে রোববার শিশু তহুরা মারা যায়। সেখানের চিকিৎসক শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. মনির হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধিন ছিল। চিকিৎসক তাদের জানিয়েছেন তহুরা নিপা ভাইরাসে আক্রান্ত ছিল।#