বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলায় বুকাবুনিয়া ইউনিয়নে বেড়িবাঁধ সংস্কার না করায় আতঙ্ক ও ভোগান্তিতে দিন পার করছেন হাজারো মানুষ। জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে যেকোনো সময় পানিতে তলিয়ে যেতে পারে চালিতাবুনিয়া,লক্ষীপুরা,যাদবপুরা তিনটি গ্রাম। তাই দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি এলাকাবাসীর।
প্রতিবছর বর্ষা মৌসুম শুরু হলেই উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের পার্শ্ববর্তী হলতা নদীর দক্ষিণ পাড় বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। প্লাবিত হয় গ্রাম, সড়ক, ফসলি জমি।
এতে গ্রামের তেলিবাড়ানি-লক্ষীপুরা ত্রিমুখী বাজারের একমাত্র রাস্তা নদী ভাঙ্গনে বিলীন হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। এ রাস্তা ভেঙ্গে গেলে যোগাযোগের ক্ষেত্রে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। বিপাকে পড়বে গ্রামের কয়েক হাজার জনসাধারণ।
গ্রামের বাসিন্দাদের দাবি, ২০০৭ সালে পানি উন্নয়ন বোর্ডের অধীনে এই বেড়িবাঁধটি সর্বশেষ সংস্কার করা হয়েছিল। প্রায় ১৬ বছর পার হয়ে গেলেও আর কোনরকম সংস্কার করেনি। এতে প্রতিবছর বর্ষা মৌসুমে ভাঙন ঝুঁকিতে থাকেন তিন গ্রামের প্রায় কয়েক হাজার পরিবার।
স্থানীয় বাসিন্দা সমাজসেবক নাসির উদ্দিন নিলু বলেন,দীর্ঘদিন এই বেড়িবাঁধ সংস্কার না করার কারণে প্রতিবছরই বিভিন্ন জায়গা থেকে বেড়িবাঁধে সুরঙ্গ হয়ে গ্রামে পানি প্রবেশ করে। গত বছর আমার নিজস্ব অর্থায়নে কিছু জায়গায় সংস্কার করেছিলাম। এ বছরও আবার দেখছি কয়েকটি জায়গায় সুরঙ্গের মতো হয়েছে। প্রতি বছর তো আমার পক্ষ থেকে সংস্কার করা সম্ভব নয়। পানি উন্নয়ন বোর্ড বিষয়টির নজরে এনে যদি পুনরায় সংস্কার করে দিতো অন্তত গ্রামের লোকজন পানি আতঙ্ক থেকে বাঁচতে পারতো।
স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম জানান, বেড়িবাঁধ অতি দ্রুত সংস্কার করা প্রয়োজন বিষয়টি নিয়ে পরিষদে আলোচনা করব।
এ বিষয়ে জানতে বুকাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান, সাইদুর রহমান সবুজকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।