মো: ইমন হোসেন, ঢাবি প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিক রোকেয়া হল স্টাফ কোয়ার্টার সংলগ্ন ভিসির বাংলোর ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহটি উদ্ধারের পরে শাহবাগ থানা পুলিশের সহায়তায় নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি ভিসি বাংলোর কেয়ারটেকার মোজাম্মেল হক।
মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, হঠাৎ দেয়ালের অপর পাশে রাস্তা থেকে টুপ করে কিছু পড়ার শব্দ পান পরিচ্ছন্নতাকর্মীরা। তারা এগিয়ে দেখেন একটি ব্যাগ পড়ে আছে। তারা ভয় পান যে, বোমা বা অন্যকিছু কিনা। পরে লাঠি জাতীয় কিছু দিয়ে একটু খুললে নবজাতকের মাথা বেরিয়ে আসে। পরে তারা আমাকে খবর দেন।
কেয়ারটেকার বলেন, আমি গিয়ে দেখি বীভৎস অবস্থা। দেখার মতো না। কোনো স্বাভাবিক মানুষ এটা সহ্য করতে পারবে না। দেয়ালের অপর পাশ থেকে কেউ এটা ছুড়ে দিয়েছে। ক্যাম্পাস উন্মুক্ত হওয়ায় অনেকেই তো রাস্তায় চলাচল করে। পরে আমরা পুলিশকে খবর দেই। তারা এসে মরদেহ নিয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা সিসিটিভির ফুটেজ চেক করেছি। ঢামেক অথবা আশপাশের ক্লিনিকে সম্ভবত মৃত অবস্থায় নবজাতকটির জন্ম হয়।
তিনি আরো বলেন, যিনি এই কাজটি করেছেন, তিনি ভিসির বাংলোর বাহিরে লোকসমাগম কম দেখে নবজাতকের মরদেহের ব্যাগটি ভিতরে ছুড়ে ফেলেন।
প্রক্টরের ভাষ্য অনুসারে উক্ত লোকটিকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং তাকে শনাক্তের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।