গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ চাদার দাবীতে ওমান প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাংচুর করে তিনজনকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরে এই ঘটনা ঘটে।
ওই এলাকার প্রবাসী চুন্নু বালী অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন ওমানের প্রবাস জীবন কাটিয়ে দেশে এসে সরিকল বন্দরে একটি ভবন নির্মানের কাজ শুরু করি। ভবন নির্মানের শুরুতেই স্থানীয় নাসির মোল্লা, রনি মোল্লা ও হারুন আকন দুই কিস্তিতে আমার কাছ থেকে লক্ষাধিক টাকা চাদা নেয়। বৃহস্পতিবার বিকেলে নাসির মোল্লা, রনি মোল্লা ও হারুন আকন তাদের দলবল নিয়ে সরিকল বন্দরে এসে ফের আমার কাছে মোটা অংকের টাকা চাদা দাবী করে। চাদা না দিলে ভবন নির্মানের কাজ বন্ধ রাখতে বলেন তারা। তাদেরকে চাদা দিতে অপরাগতা প্রকাশ করায় আমার নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে মালামাল ভাংচুর করে। আমি ভাংচুর ঠেকাতে এগিয়ে আসলে নাসির, রনি ও হারুন আমাকে (চুন্নু) প্রকাশ্যে পিটিয়ে আহত করে। আমাকে রক্ষায় ব্যবসায়ী হেদায়েত মৃধা ও রাতুল মৃধা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। এসময় বন্দরের ব্যবসায়ীরা এসে আমাদের উদ্ধার করেন এবং হামলাকারী নাসির মোল্লাকে গণপিটুনি দেয়। তবে হামলার অভিযোগ অস্বীকার করে হারুন আকন বলেন, সকালে চুন্নু বালী তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। ওই বিষয়টি ধামাচাপা দিতে নাটক সাজিয়েছে। এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তদন্ত বলেন, দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।