গাইবান্ধা প্রতিনিধি:
দলীয় নেতা কর্মীদের হয়রানির অভিযোগে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কাছে এ লিখিত অভিযোগ করা হয়েছে।
উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান আজম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মোঃ লিটন মন্ডল, পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাইদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মোন্নাফ সরকার টুটুল ও শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ৩৫ জন নেতাকর্মী লিখিতভাবে এ অভিযোগ করেন।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো সাইফুল আলম সাকা প্রতিদিনের কাগজকে বলেন, একটি লিখিয় অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম প্রতিহিংসা বশত ছাত্রলীগ, আওয়ামী যুব লীগ, জাতীয় শ্রমিক লীগসহ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হেয় করার উদ্দেশ্যে বিভিন্ন উস্কানীমূলক কথাবার্তা বলেন। এসময় সেখানে থাকা আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মোঃ সাজেদুল ইসলামের বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে সাজেদুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন।