• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের এক মাস পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২৪, ১৫:০৯ অপরাহ্ণ
নিখোঁজের এক মাস পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর থেকে নিখোঁজের এক মাস পর পুকুর থেকে আকাশ শেখ (১৭) নামের এক ভ্যান চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
আজ বৃহস্পতিবার (০৭ মার্চ) বিকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দুয়ারীডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়৷
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আকাশ শেখ ফরিদপুর জেলার নগরকান্দার শাহ আলমের ছেলে।
ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, স্থানীয়রা পুকুরের কচুরিপনা পরিষ্কার করার সময় একটি বস্তা বেরিয়ে আসে৷ বস্তাটি থেকে পঁচা গন্ধ বের হলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ বস্তা খুলে গলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেলারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর খুনের আসল রহস্য জানা যাবে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে৷ #