মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা প্রতিনিধি:
ধর্মপাশা উপজেলার কাইছনার বিল জলমহালের পাড়ে স্যালোমেশিন বসিয়ে জলমহালের তলার পানি শুকিয়ে অবৈধভাবে মাছ শিকার করায় এবং উপজেলার খলাঘাট এলাকায় সরকারি খাস জমি থেকে অ্যাক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করায় তিনটি স্যালোমেশিন ও দুটি অ্যাক্সেভেটর মেশিন জব্দ করা হয়েছে। এ সময় উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের তোফায়েল আহমেদ (৩৭) ও উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দয়ালপুর গ্রামের আবু সালেহ (২৭) নামের দুইজন ব্যক্তিকে পৃথক দুটি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এই আদালত পরিচালনা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কার্যালয়ের নামজারী সহকারী হোসাইন আহমেদ,স্থানীয় বাসিন্দা জব্বার আলী,রাজা মিয়া প্রমুখ। #