গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার খন্ডকালীণ সাব-রেজিষ্টার ও দলিল লেখকদের দ্বন্দে জমির দলিল আদান-প্রদান বন্ধ রয়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন জমি ক্রেতা-বিক্রেতারা।
মঙ্গলবার দুপুরে একাধিক দলিল লেখকরা অভিযোগ করে বলেন, বরিশাল জেলার হিজলা সাব-রেজিষ্ট্রি অফিসের সাব রেজিস্টার সঞ্জয় বরাল গত ৬ মার্চ গৌরনদী সাব-রেজিষ্ট্রি অফিসে খন্ডকালীণ সাব-রেজিষ্টার হিসেবে যোগদান করেন। যোগদানের দিনই নবীন-প্রবীন সকল দলিল লেখকদের সঙ্গে ঔদ্ব্যত্বপূর্ণ আচরন শুরু করেছেন। এমনকি দলিল লেখকদের শোকজ, সাইজ ও বহিস্কার করার হুমকি দিচ্ছেন। ফলে বাধ্য হয়ে সাব-রেজিস্টার সঞ্জয় বরালের অপসারণের দাবিতে ৩০ জন দলিল লেখক ১০ মার্চ থেকে অনির্দিষ্ট কালের জন্য কলম বিরতি ও অফিসের সামনে অবস্থান ধর্মঘট পালন করে আসছে। গৌরনদী দলিল লেখক সমিতির সভাপতি নাসির উদ্দিন মিয়া বলেন, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী চলবে। একাধিক জমি ক্রেতা-বিক্রেতারা বলেন, সাব-রেজিস্টার ও দলিল লেখকদের দ্বন্দের কারনে গত কয়েকদিন যাবত দলিল সম্পাদন বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
অভিযোগ অস্বীকার করে খন্ডকালীণ সাব-রেজিস্টার সঞ্জয় বরাল বলেন, যোগদানের পর দলিল লেখকদের বলেছি সরকারি নিয়ম-নীতি অমান্য করে আমি কোন দলিল রেজিষ্ট্রি করব না। এতেই দলিল লেখকরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। দলিল লেখকদের অনিয়মকে সমর্থন না করার কারণে তারা আমার বিরদ্ধে মাঠে নেমেছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান জানান, দলিল লেখকদের পক্ষ থেকে লিখিত অভিযোগের একটি কপি পেয়েছি। এবিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।