আসাদুল ইসলাম ,গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে আব্দুল আউয়াল (২৩) নামের ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১ টার উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুল আউয়াল গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্মতত গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন।
পুলিশ ও স্বজনরা জানায়, আব্দুল আউয়াল বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ইফতার করে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়। রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। রাত থেকেই পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন।
বৃহস্পতিবার সকালে শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকার একটি ধান ক্ষেতে আব্দুল আউয়ালের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল আউয়ালের গলাকাটা মরদেহ উদ্ধার করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম (বিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তৎপর হয়েছে।