• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে থেকে ১২’শ নেশাজাতীয় গাছ জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২১, ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে থেকে ১২’শ নেশাজাতীয় গাছ জব্দ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী ১০০-য্যাবিশিস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মিলেছে গাঁজা বা ভাং-এর গাছের বাগান। ইতিমধ্যে প্রায় ১২’শ গাছ জব্দ করেছে র‌্যাব-৬।

বুধবার (২০ মার্চ) র‌্যাব-৬ এর একটি দল এ অভিযান চালায়। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার মো. রাসেল।

র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার মো. রাসেল জানান, কাশিয়ানী ১০০-য্যাবিশিস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিপুল পরিমান গাঁজা বা ভাং-এর গাছ জন্মেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই স্থান থেকে প্রায় ১২’শ গাঁজা বা ভাং-এর গাছ জব্দ করা হয়। পরে তা কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়। পুলিশ আদালতের আদেশ মোতাবেক ব্যবস্থা নেবে।

জেলা বন সংরক্ষক বিবেকানন্দ বিশ্বাস এই গাছগুলোকে প্রাথমিকভাবে ভাং গাছ (নেশাজাতীয় গাছ) হিসাবে উল্লেখ করেন। অপরদিকে, গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান সুকলাল বিশ্বাস এই গাছ গুলোকে গাঁজা গাছ হিসাবেই চিহ্নিত করেছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম বলেন, এই গাছ আগে আরও বেশি ছিল। অনেক গাছ কেটে পরিষ্কার করা হয়েছে। কিন্তু শেকড় থেকে সেগুলো আবার নতুন করে হয়।

মূলত হাসপাতালের মূল গেট দিয়ে জরুরী বিভাগে যাওয়ার পথে এরকম অসংখ্য গাছ দেখা যায়। হাসপাতালটির উত্তর দিকের বদ্ধ জায়গাতেও নেশাজাতীয় এসব গাছ রয়েছে। #