• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ইঁদুর মারা ফাঁদে প্রাণ গেল দুই কৃষকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মার্চ) গভীর রাতে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আজ রবিবার (২৪ মার্চ) সকালে কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই দুই কৃষক হলেন, নিশ্চিন্তপুর গ্রামে বিশ্বম্বর বিশ্বাসের ছেলে সনাতন বিশ্বাস (৫৫) এবং একই গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (৪৫)।

স্থানীয়রা জানিয়েছেন, নিশ্চিন্তপুর গ্রামের তাজের বিশ্বাস ও হারুন বিশ্বাস শনিবার রাতে তাদের ধানের জমিতে ইঁদুর মারার জন্য জিআই তারের সাথে বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন।

রাতে ধানক্ষেতে সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন সনাতন বিশ্বাস ও কালু শেখ। এরপর দীর্ঘ সময় পারও তারা বাড়িতে ফিরে আসেননি। পরে পরিবারের লোকজন তাদেরকে খুঁজতে গিয়ে কৃষক তানজের বিশ্বাস ও হারুন শেখের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের জিআই তারে সনাতন বিশ্বাস ও কালু শেখকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখ। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে ওই কৃষকদের বাড়ি নিয়ে যায়।

ওই গ্রামের রাসেল শেখ বলেন, ইঁদুর মারার জন্য যদি কেউ বৈদ্যুতিক ফাঁদ দিলে আগে থেকে মাইকিং করে। ওই দুই কৃষক তাদের জমিতে বৈদ্যুতিক ফাঁদ দিয়েছে সে বিষয় জানায়নি। তাদের অসচেতনতার জন্য আজ দুইজন কৃষকের জীবন গেল।

কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন বলেন, গত রাতে সনাতন বিশ্বাস ও কালু শেখ বিলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট নিহত হয়েছেন। তাদের মরদেহ স্বজনেরা ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে যায়। তবে কার জমিতে বৈদ্যুতিক ফাঁদ দিয়েছে বা কার বাড়ি থেকে বিদ্যুৎ লাইন এনেছে তা এখনো জানা যায়নি। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #