স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
বুধবার (০৩ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দিতে এ দূর্ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে সিন্দিয়া ঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসএম জালাল বিন আমির দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের মৃত মোফাজ্জেল মাতুব্বরের ছেলে মো. ফায়েজুল মাতুব্বর (১৭) ও একই গ্রামের মো. ওমর আলী শেখের ছেলে মো. হাফিজুল শেখ (১৮)।
উপ-পরিদর্শক এসএম জালাল বিন আমির জানান, একটি মোটর সাইকেলে করে দুই বন্ধু ফায়েজুল মাতুব্বর ও হাফিজুল শেখ দক্ষিণ গঙ্গারামপুর থেকে জলিরপাড়ে যাচ্ছিলেন।
এসময় দ্রুতগামী মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে গয়লাকান্দি এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের পাশে পার্কিং করা একটি ট্রাকের পিছনে সাজোড়ে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক ফায়েজুল মাতুব্বর নিহত ও অপর আরোহী বন্ধু হাফিজুল শেখ মারাত্মত আহত হন। পরে স্থানীয়রা আহত হাফিজুল শেখকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। #