আসাদুল ইসলাম, গাইবান্ধা:
দুই শতাধিক এতিম শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার করলেন সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তরিকুল ইসলাম।
শনিবার সন্ধ্যার দিকে উপজেলার খন্দকার আবদুর রাজ্জাক দারুল উলুম কওমী মাদ্রাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া ও ইফতার শেষে ওই মাদ্রাসার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন ইউএনও মো. তরিকুল ইসলাম।
নামাজ শেষে শিক্ষার্থীদের পাঠদান কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষক ও কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
মাদ্রাসায় ইউএনওর আগমনে খুশি হয় এবং এতিম বাচ্চাদের সাথে ইফতার করার বিষয়টি প্রশংসা করে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক রাজু বলেন ইউএনও স্যার এখানে আশায় আমরা অনেক খুশি। ওনার আগমনে এ কাজে আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, একদিকে পবিত্র রমজান মাস, অন্যদিকে তাঁরা এতিম শিশু এবং চর্চা করছেন পবিত্র আল কোরআন। কাজেই এদের সঙ্গে ইফতার করতে পেরে অনেক ভালো লাগছে। বিশেষ করে, সমাজে অনেক শিশু আছে যারা সুবিধা বঞ্চিত। মূলত তাঁরাই এরকম এতিমখানায় থেকে লেখা পড়া করেন। ভবিষ্যতে এ ধরনের শিশুদের পাশে থাকার আকাঙ্ক্ষার কথাও জানান তিনি।
ইউএনও আরও বলেন, এরা অনেক দূর এগিয়ে যাবে, আমরা যদি সামর্থ্য অনুযায়ী সবাই এদের পাশে দাঁড়াই। আজ রাতে তারাবির নামাজ শেষে প্রায় ৬৫০ জন রোজাদারের জন্য উন্নতমানের খাবার ব্যবস্থাও করা হয়েছে বলেও জানান ইউএনও মো. তরিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও কমিটির সভাপতি খন্দকার আব্দুর রাজ্জাক রাজু সহ কমিটির সদস্য ও শিক্ষকগণ।