• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে চাচাতো ভাইয়ের হামলায় কিশোর নিহত, আহত-৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে চাচা ও চাচাতো ভাইয়ের হামলায় নীরব শেখ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।

রবিবার (১৪ এপ্রিল) গভীর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ওই কিশোর মারা যান। এর আগে বিকালে কাশিয়ানী উপজেলার পোনা গ্রামে এ ঘটনা ঘটে।

আজ সোমবার (১৫ এপ্রিল) সকালে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নীরব শেখ কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের ফোকরান শেখের ছেলে।

ওসি মো. জিল্লুর রহমান জানান, গাছ কাটা নিয়ে নীবর শেখের চাচাতো ভাই আল আমিনের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আল আমিন, তার বাবা আব্দুল শেখসহ কয়েকজন নীরব শেখকে পিটিয়ে আহত করে। এসময় পরিবারের সদস্যরা ঠেকাতে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।

মারাত্মক আহত ৫ জনকে প্রথমে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে নীবরের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নীরবের মৃত্যু হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পযর্ন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। #