• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৪, ১৪:৩০ অপরাহ্ণ
গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো ভাই ও ফুফাতো বোনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৮ এপ্রিল) বিকালে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চত করেছেন।

নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামে আক্সার মোল্যার ছেলে আবু বক্কর মোল্যা (৬) ও একই উপজেলার বাঘাট গ্রামের সুজন শেখের মেয়ে আয়শা (৭)। এরা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই বোন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, কয়েকদিন আগে মুকসুদপুর উপজেলার বাঘাট গ্রামের সুজন শেখের মেয়ে আয়শা (৭) ও তার ছোট ভাই আদিল (৬) মায়ের সাথে একই উপজেলার কুনুড়িয়া গ্রামের মামা বাড়ীতে বেড়াতে আসে।

আজ বিকালে মামাতো ভাই আবু বক্করকে নিয়ে বাড়ীর পাশের একটি পুকরে গোসল করতে যায় আয়শা। এসময় দু’জনে পানিতে পড়ে ডুবে গেলে আয়শার ভাই আদিল বাড়ীতে গিয়ে সবাই বলে দেয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা পুকুরে তল্লাশী চালিয়ে দু’জনকে উদ্ধার করে। পরে তাদেরকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেয়ে এসেছে। এক সাথে দুই শিশুকে হারিয়ে পরিবার দু’টির সদস্যরা নির্বাক হয়ে পড়েছে। তাদের কান্নায় ভারি হয়ে উঠেছে আকাশ বাতাস। #