স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিখোঁজের একদিন পর নদীর পাড় থেকে আরমান শেখ (২০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (১২ মে) বিকালে টুঙ্গিপাড়া উপজেলার দাঁড়িয়ারকুল নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইজিবাইক চালক আরমান শেখ টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের গিমাডাঙ্গা মুন্সিরচর গ্রামের তপু শেখের ছেলে।
ওসি খন্দকার আমিনুর রহমান জানান, প্রতিদিনের মত শনিবার (১১ মে) সকালে ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হয় আরমান। ওই দিন দুপুর ২ টার দিকে সর্বশেষ তার স্ত্রীর সাথে মোবাইলে কথা হয়। তারপর থেকে পরিবারের কেউ আরমানের সাথে যোগাযোগ করতে পারেনি।
এরপর আজ রবিবার বিকালে স্থানীয়রা দাঁড়িয়ারকুল নদীর পাড়ে মরদেহ দেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা দিয়ে মরদেহ আরমান বলে শনাক্ত করে।
ওসি আরও বলেন, মৃত ইজিবাইক চালকের মাথায় ও থুতনির নিচে ধরালো অস্ত্র দিয়ে জখমের চিহ্ন রয়েছে। তার ইজিবাইকটি পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। #