• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা’য় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে,নিহত-৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ
কুমিল্লা’য় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে,নিহত-৫

আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার সকালের দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। বসন্তপুর এলাকায় খাদে পড়ে যাওয়া বাসটিকে পুলিশ রেকার দিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়েছে। বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়ে সবুজ বাংলা’র প্রতিনিধিকে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০) ও চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান (২৬)। আহতদের অধিকাংশের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে। তাঁদের কয়েকজন হলেন ফিরোজ (৪০), মোক্তার হোসেন (৪০), ফজলুর রহমান (৪২), আরাফাত (৩৪), সিয়াম (৩২), সোহাগ (২৮), কামরুন নাহার (২৫), স্বপন শিকদার (২৫), রফিকুল ইসলাম (৩০) ও মনির (৩০)। তাঁদের মধ্যে চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলটি হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা পরির্দশন করেছেন।