স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে এবছর জেলার ১ লাখ ৯১ হাজার ১০২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে সাংবাদিকদের সমন্বয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় এ তথ্য জানিয়েছে সিভিল সার্জন অফিস।
আজ বুধবার (২৯ মে) সকাল ১১টায় সিভিল সার্জন অফিসের হল রুমে অনুষ্ঠিত এ সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে আলোচনা করেন সিভিল সার্জন কায্যালয়ের মেডিকেল অফিসার ডা: এস এম সাকিবুর রহমান। এসময় গোপালগঞ্জে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মেডিকেল অফিসার ডা: এস এম সাকিবুর রহমান জানান, আগামী ১ জুন সারা দেশের মত গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে জেলার পাঁচ উপজেলায় ৭টি স্থায়ী, ১ হাজার ৭০৯ টি অস্থায়ী কেন্দ্রে ২১৬ জন তত্ত্ববধায়কের নেতৃত্বে ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবী ৬ থেকে ১১ মাস বয়সের ২৬ হাজার ১৭০ জন শিশুকে নীল রং এর ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৬৪ হাজার ৯৩২ জন শিশুকে লাল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরো বলেন, ভিটামিন এ শরীরের জন্য অন্যান্ত প্রয়োজনীয় অনুপুষ্টি যা শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে, চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখতে, শিশুর গর্ভকালীন বৃদ্ধি স্বাভাবিক রাখতে, ত্বকের শুস্কতা দূর করতে, রক্তস্বল্পতা প্রতিরোধ করতে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগসহ চোখের অনেক ক্ষতিকর প্রভাব রোগ দেখা যায়। ভিটামিন এ ক্যাপসুল এসব রোগ প্রতিরোধ করে। #