রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব প্রথমবারের মত আগামী জুন মাসের প্রথম সপ্তাহকে “পরিবেশ সপ্তাহ” হিসেবে পালন করতে যাচ্ছে। পরিবেশ ও জলবায়ু সম্পর্কে জনসচেতনতা তৈরি করার উদ্দেশ্যে রাবি সায়েন্স ক্লাব এই উদ্যোগ হাতে নিয়েছে।১ জুন হতে পুরো সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে এই “আরইউএসসি পরিবেশ সপ্তাহ ২০২৪” পালিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য প্রফেসর ড. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. হুমায়ুন কবির আগামী ১ জুন সকাল ৮.৩০ ঘটিকায় ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে “আরইউএসসি পরিবেশ সপ্তাহ ২০২৪” এর উদ্বোধন করবেন।
“আরইউএসসি পরিবেশ সপ্তাহ ২০২৪” এর কার্যক্রম সমূহ হলো আরইউএসসি পরিবেশ ক্যাম্প ২০২৪, আরইউএসসি পরিবেশ-বান্ধব স্মার্ট ডাস্টবিন স্থাপন অভিযান ২০২৪ ও আরইউএসসি বৃক্ষরোপণ অভিযান ২০২৪।
সপ্তাহব্যাপী এনভায়রনমেন্ট অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগীতা এবং বিভিন্ন পরিবেশগত বিষয় যেমন জীব বৈচিত্র্য, স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা, পার্থেনিয়াম ও জলাধার সংরক্ষণ নিয়ে সচেতনতা ইত্যাদি বিষয়ে অংশগ্রহণমূলক ওয়ার্কশপসহ বিভিন্ন কর্যক্রমের মধ্য দিয়ে আগামী ১ জুন, ২০২৪ তারিখে “আরইউএসসি পরিবেশ ক্যাম্প ২০২৪”পালিত হবে। সেই সাথে আগামী ৩ জুন, ২০২৪ তারিখে স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্লাস্টিক, পচনশীল এবং কাচ এর জন্য বিশেষায়িত শতাধিক ডাস্টবিন যৌথভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজে স্থাপন করা হবে।
এরই ধারাবাহিকতায় সর্বশেষ ৫ জুন, ২০২৪ তারিখে “আরইউএসসি বৃক্ষরোপণ অভিযান ২০২৪” এর উদ্বোধন করা হবে এবং এটি আগামী ৭ জুন, ২০২৪ পর্যন্ত চলবে। “আরইউএসসি বৃক্ষরোপণ অভিযান ২০২৪” এ রাবি সায়েন্স ক্লাব রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করবে এবং “ফ্রি ট্রি” ক্যাম্পেইন এর মাধ্যমে প্রায় এক হাজার গাছ ক্যাম্পাসের বাইরে রোপন করার শর্তে বিতরণ করবে। এছাড়াও রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করবে। এরই মধ্য দিয়ে “আরইউএসসি পরিবেশ সপ্তাহ ২০২৪” এর সমাপ্ত ঘোষণা করা হবে।
এ আয়োজন নিয়ে ক্লাব সভাপতি মাসুদ জানান, বর্তমান পরিবেশ ও জলবায়ু এর অবস্থা শোচনীয়, এ নিয়ে জনসচেতনতা তৈরি না হলে অদূর ভবিষ্যতে পৃথিবী অবাসযোগ্য হয়ে পরবে। বর্তমানেই আমরা অতি তাপদাহ, অতি বৃষ্টি, অতি শীত ইত্যাদি অনুভব করতে পারছি, এছাড়াও আমাদের রাজধানী সহ বিভিন্ন এলাকা ইতোমধ্যে দূষণের শীর্ষে রয়েছে এছাড়াও পানির লেভেল অনেক নিচে নেমে গিয়েছে যা পরিবেশের পাশাপাশি মানুষ ও প্রাণীর জন্যও হুমকিস্বরূপ। তাই আমরা প্রথমবারের মত সপ্তাহব্যাপী পরিবেশ নিয়ে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। আমি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের সার্বিক সাহায্য ও সহযোগিতার জন্য।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজে প্রায় পাঁচ হাজারের অধিক গাছ বিতরনের উদ্যোগ নিয়েছে রাবি সায়েন্স ক্লাব।