• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় দুই ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩, ২০২৪, ১৪:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে দুই ভাই নিহত হয়েছে।

আজ সোমবার (০৩ জুন) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি দক্ষিণপাড়া মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আজ সোমবার (০৩ জুন) বিকালে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী দূঘর্টনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের মোঃ নিজাম উদ্দিনের বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী মিঠুন মাতুব্বর (৩৪) ও ছোট ছেলে ভাঙ্গা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র অন্তর মাতুব্বর (১৯)।

উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানিয়েছেন, দুই ভাই মোটরসাইকেল করে গোপালগঞ্জ থেকে তাদের বাড়ি ভাঙ্গা উপজেলার নোয়াকান্দি গ্রামে যাচ্ছিল।

এসময় মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি দক্ষিণপাড়া মসজিদের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা আহত দু’ভাইকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মিঠুন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।

মারাত্মক আহত ছোট ভাই অন্তর মাতুব্বরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরো জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পযর্ন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। #